উইভিং শিল্পে বিনিয়োগ বাড়াতে বিশেষ তহবিলের দাবি

আপডেট : ২৭ জুন ২০১৩, ২০:২৬
দেশের উইভিং (বস্ত্রবয়ণ) শিল্পের সম্প্রসারণ ও আধুনিকায়ণে বিনিয়োগ বাড়াতে বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। তারা বলেন, স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ প্রাপ্তির জন্য উদ্যোক্তাদের শতকরা ২০ ভাগ এবং ব্যাংক অর্থায়ন শতকরা ৮০ ভাগ হারে বিনিয়োগের নিয়ম ধার্য করলে দেশে টেকসই বস্ত্রবয়ণ শিল্পখাত গড়ে ওঠবে। এর ফলে তৈরি পোশাক শিল্পখাতে মূল্য সংযোজনের পাশাপাশি শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরি হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ স্পেশালাইজড্ টেক্সটাাইল মিলস্ অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) এর পরিচালনা পর্ষদের সদস্যরা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে বৈঠককালে এ দাবি জানান। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩৯টি রুগ্ন শিল্পের ঋণ মওকুফ করার পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সুপারিশকৃত আরো ২৮টি রুগ্ন শিল্পের ঋণ অবসায়নের বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে শিল্পমন্ত্রীর প্রতি দাবি জানান। একই সঙ্গে রুগ্ন শিল্প যাচাই-বাছাইয়ের জন্য শিল্প মন্ত্রণালয়ে গঠিত কমিটিতে বিএসটিএমপিআইএ এর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা প্রাপ্তির জন্য বিএসটিএমপিআইএ-কে উত্পাদন সনদ প্রদানের ক্ষমতা দিতে শিল্প মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান। বৈঠকে সংগঠনের সভাপতি আজিজুল হক, সহসভাপতি আলহাজ্ব আবু সাঈদ মিয়া ও আলহাজ্ব আবুল হাসেম, পরিচালক মোঃ সালাহ্উদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা, শেখ মহিউদ্দিন আহমেদ, সাঈদুজ্জামান সুমন, সুরুজ্জামানসহ কার্যকরি কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।