সংসদে গ্রাম আদালত বিল উত্থাপন

আপডেট : ২৭ জুন ২০১৩, ২২:১৪
বৃহস্পতিবার জাতীয় সংসদে গ্রাম আদালত বিল উত্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অনপুস্থিতিতে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিলটি উত্থাপন করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে প্রেরণ করার প্রস্তাব করেন। প্রতিমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে রিপোর্ট দেয়ার জন্য বিলটি তিন সপ্তাহের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করেন। বিল উত্থাপনের বিরোধিতা করে বক্তব্য রাখেন বিএনপি’র সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দীন নিজান। তিনি বলেন, এ আইনের মাধ্যমে গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হলে গ্রাম পর্যায়ে দুর্নীতি বিস্তার লাভ করবে। গ্রাম টাউট বাটপারে ভরে যাবে। পরে কণ্ঠভোটে বিল উত্থাপনের বিরোধিতা নাকচ হয়ে যায়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান আইনে বিচারিক কার্যক্রম পরিচালনায় কিছু অসুবিধা পরিলক্ষিত হয়। এসব অসুবিধা দূর করতে এবং গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আইনের কিছু ধারা সংশোধন আবশ্যক।