বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা বেশ কিছু রসালো মন্তব্য করেন। আর এসব মন্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলের আসনে সামনের সারিতে বসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ অধিবেশন কক্ষে উপস্থিত সকল সদস্যকে হাসতে দেখা গেছে।
বন্ধু আমার প্রতি সংবেদনশীল : দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেছেন, ব্যারিস্টার মওদুদ আহমদ আমার বন্ধু এবং তিনি আমার প্রতি সংবেদনশীল। বন্ধুর প্রতি সংবেদনশীল হয়ে তিনি আমাকে পোর্টফোলিও দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ করেছেন। আমিও বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করবো, আমার বন্ধুকে নোয়াখালীবাসী বাতিল করলেও আপনি তাকে বগুড়া থেকে জিতিয়ে এনেছেন। তাই অনুরোধ করবো তাকে পদোন্নতি দিয়ে উপনেতা করুন যাতে গাড়িতে পতাকা উড়ে।
