রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত শিশু আকাশের হাতের কব্জি অবশেষে কেটে ফেলা হয়েছে। তার জীবন বাঁচাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিত্সকরা অস্ত্রোপচার করে চারটি আঙ্গুল বিচ্ছিন্ন বাম হাতের কব্জি কেটে ফেলেন।
শিশু আকাশের বাড়ি নগরীর মতিহার থানার মোহনপুর গ্রামে। গত সোমবার সকালে মতিহার থানার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনের চায়ের দোকানের পাশে জর্দার কৌটাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে আকাশ সেটি কুড়িয়ে বাড়িতে নিয়ে যায়। খেলার সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তার বাম হাতের ৪টি আঙ্গুল বিচ্ছিন্ন হয় এবং স্প্লিন্টারের আঘাতে শরীরের বিভিন্ন অংশ জখম হয়।
আকাশের মা নাদিরা বেগম, বাবা মকবুল হোসেন একজন দরিদ্র কৃষক। আকাশই তাদের একমাত্র সন্তান। আকাশ বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। মকবুল হোসেনও অসুস্থ। তার একটি কিডনি নেই, এ কারণে তেমন পরিশ্রম করতে পারেন না।
