বর্তমান সরকারের সময় এ পর্যন্ত একনেকে অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
গত বুধবার জাতীয় সংসদ ভবনে অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। দৃঢ় পদক্ষেপ গ্রহণ, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং একনেকে অনুমোদিত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
চলতি নবম সংসদের প্রথম থেকে ১৭তম অধিবেশনে সংসদ ফ্লোরে মন্ত্রীদের প্রদত্ত প্রতিশ্রুতির উপর আলোচনাকালে দেয়া সকল প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি কমিটির সকল সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। কমিটি অব্যাহত জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে পরিকল্পনামাফিক দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রকল্প গ্রহণ করা এবং গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি ঢাকার পরিত্যক্ত সরকারি বাড়ি ও জমি থেকে বকেয়া বিল আদায়ের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। বৈঠকে কমিটির সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, শামসুর রহমান শরীফ, রাশেদা বেগম হীরা এবং খালিদ মাহমুদ চৌধুরী অংশগ্রহণ করেন। এছাড়া বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেনসহ মন্ত্রণালয় এবং আইএমইডি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
