মেহেরপুর সদর উপজেলার যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের দুই দল ছাত্রের মধ্যকার বিরোধের জের শেষ পর্যন্ত অভিভাবক ও গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে। গত বুধবার বিকালে বিরোধ মীমাংসায় অধ্যক্ষের পক্ষপাতিত্বের অভিযোগে তাকে অবরুদ্ধ করে পিরোজপুর গ্রামবাসী। অধ্যক্ষের মোটর সাইকেলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। পুলিশ এসে নিয়ন্ত্রণ করতে গেলে ঘটে আরেক বিপত্তি। বিক্ষদ্ধ গ্রামবাসীর ইটপাটকেল নিক্ষেপের মুখে শেষ পর্যন্ত ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ।
যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র গোপালপুর গ্রামের মিঠুন ও পিরোজপুর গ্রামের আব্দুর রাজ্জাক পক্ষের মধ্যে সৃষ্ট পূর্ব বিরোধ মীমাংসার জন্য কলেজে সালিস সভা চলছিল। এসময় পিরোজপুর গ্রামের লোকজন মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে তাকে বহিষ্কারের দাবি জানান। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম। হুমায়ন কবির জানিয়েছেন, বৃষ্টির মতো বিভিন্ন দিক থেকে ইট আসতে থাকে। এতে প্রশাসনের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের ফাঁক গুলি ও ৩টি টিয়ার শেল নিক্ষেপ করে।
