মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ আমার দেশ

আপডেট : ২৭ জুন ২০১৩, ২২:৫২
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ঘোষণাকৃত ছাপাখানা থেকে দৈনিক আমার দেশ না ছাপিয়ে অনুমতি না নিয়ে অন্য ছাপাখানা থেকে পত্রিকাটি মুদ্রণ, প্রদর্শন ও বিক্রয় করার অভিযোগে গত ১৩ এপ্রিল রমনা মডেল থানায় মামলা হয়েছে। বিচারাধীন মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পত্রিকাটি প্রকাশ হচ্ছে না। ইসলামিক টিভি ও দিগন্ত টিভি চ্যানেল পুনরায় চালু করতে অনুমতি প্রদানের বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। এ বি এম আশরাফ উদ্দিন নিজান এবং বেগম আহমেদ নাজমীন সুলতানার পৃথক দু’টি প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দৈনিক আমার দেশ পত্রিকাটি বন্ধ করা হয়নি। জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২০১০ সালের ১ জুন আইন অনুযায়ী পত্রিকাটির ঘোষণাপত্র বাতিল করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশনা মোতাবেক পত্রিকাটির প্রকাশনা অব্যাহত ছিল। তিনি আরও জানান, ইসলামিক টিভি ও দিগন্ত টিভি তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত অনাপত্তির শর্ত ভঙ্গ করেছে। এ দু’টি টিভি চ্যানেল অসত্য, নীতিবিবর্জিত ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে খবর প্রকাশ ও প্রচার করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করায় সমপ্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বেনজির আহমদের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, দেশে বর্তমানে ৬৩টি অনলাইন পত্রিকা রয়েছে। ৩০টি অনলাইন টিভি চ্যানেল এবং ১৮টি অনলাইন রেডিও রয়েছে। বর্তমানে অনলাইন গণমাধ্যম পরিচালনা নীতিমালা নেই। এই বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের জন্য প্রধান তথ্য অফিসারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের ৯৭ ভাগ অঞ্চল এবং জনগোষ্ঠীকে টিভি সম্প্রচার নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। বর্তমানে ময়মনসিংহ ও গোপালগঞ্জে দু’টি পূর্ণাঙ্গ এফএম বেতার কেন্দ্র স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মো. নূরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ টেলিভিশন বাংলাদেশ নামে তিনটি সরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে। এছাড়া ২০টি বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারে আছে। পরীক্ষামূলক সম্প্রচারে রয়েছে বিজয় টিভি লিমিটেড। তাছাড়া পরীক্ষামূলক সম্প্রচারের অপেক্ষায় আছে গানবাংলা ও দীপ্ত বাংলা নামে আরো দু’টি বেসরকারি টিভি চ্যানেল। পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রায় ২৩টি ছবি নির্মাণ করা হয়েছে।