বাহরাইনে বাংলাদেশি দূতাবাস ভাংচুর

আপডেট : ২৭ জুন ২০১৩, ২২:৫৩
বাহরাইনে বাংলাদেশ দূতাবাস ভাঙচুর করেছে বাংলাদেশি শ্রমিকরা। দূতাবাস কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে গত বুধবার তারা এই ভাঙচুর চালায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বাহরাইন ভিত্তিক পত্রিকা দ্য গালফ নিউজের এক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়। বিক্ষুব্ধ অভিবাসীরা অভিযোগ করেছে, তারা গত কয়েকদিন ধরে তাদের পাসপোর্ট এবং ভিসা নবায়নসহ চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে দূতাবাসে আসছে; কিন্তু দূতাবাসের কর্মকর্তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। তাদের অভিযোগ, কাগজপত্র জমা দেয়ার জন্য দূতাবাসে ঢুকতে গত চারদিন ধরে একটা টোকেন সংগ্রহের জন্য আসছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও কর্মকর্তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, বাহরাইনে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মী কাজ করছে। বিক্ষুব্ধদের একজন জানায়, কর্মকর্তারা ভিড় দেখলে মূল দরজা বন্ধ করে দেন। তাই বাধ্য হয়েই ভাঙচুর চালানো হয়েছে। পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, প্রায় এক হাজার বাংলাদেশিকে দূতাবাসের বাইরে ভিড় করতে দেখা গেছে যাদের সবাই কাগজপত্র নবায়নের জন্য আসছে। কিছুক্ষণ ভাঙচুরের ঘটনা ঘটার পর পুলিশ এসে টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।