দেশে যদি সামরিক সরকার আসে এর দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, যদি নির্বাচন না হয়, গণতন্ত্রের বিপর্যয় ঘটে এর দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। দেশে যদি এখন সামরিক সরকার অথবা অন্য কেউ ক্ষমতায় আসে এর দায়ও প্রধানমন্ত্রীকে নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জেনারেল এমএজি ওসমানীসহ বাংলাদেশের ইতিহাস রচনায় অতীতের জাতীয় নেতাদের রুহের মাগফেরাতের জন্য এ স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিকল্পধারা বাংলাদেশ।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশ রক্ষার জন্য আমাদের উদ্বুদ্ধ হতে হবে। বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়ে গেছে। একে অপরকে শ্রদ্ধা করতে চায় না। সংসদের দিকে তাকালে এর প্রমাণ পাওয়া যায়।
প্রধানমন্ত্রীর উদ্দেশে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দলের প্রধানের ভূমিকায় না থেকে সরকারের প্রধানের ভূমিকা পালন করুন। নির্বাচন নিশ্চিত করুন।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সাবাইকে ঐক্যবদ্ধ করুন। প্রথমে ঐক্যবদ্ধ হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে প্রয়োজনে জাতীয় পার্টিকেও সঙ্গে রাখার আহ্বান জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ বলেন, জাতীয় পার্টির নির্দেশেই আমি এখানে এসেছি। রাজনৈতিক মূর্খতার কারণে ইতিহাসের বিকৃতি হচ্ছে। জাতীয় কোনো নেতার অবদান অস্বীকার করার সুযোগ নেই। এখন জাতীয় স্বার্থে সবারই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বলে উল্লেখ করেন তিনি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ সরকারি দল হিসেবে যেমন ব্যর্থ হয়েছে তেমনি বিএনপিও বিরোধী দল হিসেবে ব্যর্থ। উপস্থিত নেতাদের উদ্দেশে তিনি বলেন, দেশ জাতীয় ঐক্য চায়। সে ক্ষেত্রে বেশি সময় নেই। অন্ধকারে কুপি জ্বালিয়ে হলেও পথ দেখানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মাহী বি চৌধুরী, বিল্পধারার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী প্রমুখ।
