চতুর্থবারের মতো বিশ্বের বিভিন্ন দেশে আজ শুক্রবার পালিত হচ্ছে সামাজিক ব্যবসা দিবস ২০১৩। ধারাবাহিকভাবে ২০১০ সাল থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে। সামাজিক ব্যবসার ধারণার প্রবক্তা শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিনে এ দিবসটি পালিত হয়। এবারের সামাজিক ব্যবসা দিবসের প্রতিপাদ্য হচ্ছে:‘স্বপ্ন রূপান্তর হোক বাস্তবতায়’। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ইউনূস সেন্টারের আয়োজনে আজ সকাল থেকে বাংলাদেশে দিনব্যাপী দিবসটি উদযাপন করা হবে। ইউনূস সেন্টারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এবারের সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে ৩০টি দেশ থেকে আসা ১৫০ জনসহ প্রায় ১০০০ জন অংশগ্রহণ করবেন। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সামাজিক ব্যবসার বিভিন্ন দিক নিয়ে করবেন মুখোমুখি মতবিনিময়। এছাড়া এ দিন অনুষ্ঠিত হবে সামাজিক ব্যবসা বিষয়ক ভিন্ন ভিন্ন শিরোনামে কয়েকটি পর্ব। অন্যদিকে আগামীকাল নর্থসাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলাদাভাবে সামাজিক ব্যবসা নিয়ে অনুষ্ঠান হবে। প্রত্যেক অনুষ্ঠানে ড. ইউনূসের বক্তৃতা দেয়ার কথা রয়েছে।
সামাজিক ব্যবসা দিবস পালনের অনুষ্ঠানে বক্তারা হলেন— ডাননের ভাইস চেয়ারম্যান ইমানুয়েল ফেবের, নেপালের চৌধুরী গ্রুপের বিনোদ কে চৌধুরী, গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক হানস রেইটজ, গ্রামীণ ক্যালডাসের মার্টিন লোফেলার প্রমুখ। এছাড়াও ড. ইউনূস দিবেন বিশেষ বক্তৃতা। অনুষ্ঠানে সামাজিক ব্যবসার উদ্যোক্তা ও বিনিয়োগকারী বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, ড. ইউনূস তার নোবেল ভাষণে ‘সামাজিক ব্যবসা’ ধারণাটি প্রথমবারের মতো উল্লেখ করেন।
