প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হাফিজুর রহমান রানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ রায় প্রদান করেন।
রায়ে দণ্ডবিধির ৫০৬ ধারায় ২ বছর এবং তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে আরো ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। হাফিজুর রহমান রানা বর্তমানে পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হাফিজুর রহমান রানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, ‘হায়েনা, ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি... পারবি না। আমরা বুয়েটের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা হলাম শিকারি। প্রথমে তোর মাথায় গুলি করবো, পরে পেটে। তারপর মাথা কেটে বুয়েটের সামনে টানিয়ে রাখবো। যাতে আর কোনো হায়েনার আক্রমণে বুয়েট আক্রান্ত না হয়।’
ফেসবুকে শেখ হাসিনাকে প্রাণনাশে হুমকির অভিযোগে গত বছরের ২৩ এপ্রিল জননেত্রী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক প্রধানমন্ত্রীর নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি জিডি করেন। তদন্তের পর ঘটনার সত্যতা পাওয়ায় ১৭ জুন শাহবাগ থানার ইন্সপেক্টর বিপ্লব কিশোর শীল এ মামলাটি দায়ের করেছিলেন। ২৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে রানার বিচার শুরু হয়।
এর আগে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে ফেইসবুকে ‘স্ট্যাটাস’ দেয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে উচ্চ আদালত তলব করে; কিন্তু আদালতের আদেশ অমান্য করায় অস্ট্রেলিয়ায় অবস্থানরত ওই শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
