হূদরোগ চিকিত্সায় দেশে ইএসএমআর হার্ট থেরাপি

আপডেট : ২৭ জুন ২০১৩, ২২:৫৫
বিনা অপারেশনে ব্যথাবিহীন চিকিত্সা পদ্ধতি ইএসএমআর হার্ট থেরাপির কার্যক্রম দেশে শুরু হয়েছে। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে এই পদ্ধতিতে হূদরোগের চিকিত্সা চলছে। হাসপাতাল ভবনে গতকাল বৃহস্পতিবার এই চিকিত্সা পদ্ধতির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইএসএমআর ট্রেইন্ড হূদরোগ বিশেষজ্ঞ ডা. এম এ বাকী, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. সরদার এ নাঈম ও হূদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কে এম এইচ এস সিরাজুল হক। সাংবাদিক সম্মেলনে হূদরোগ চিকিত্সায় বাংলাদেশে নতুন সংযোজন ইএসএমআর বা এক্সট্রা করপোরিয়াল শক ওয়েভ ময়োকার্ডিয়াল রিভাসকুলারাইজেশন বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। বৈজ্ঞানিক নিবন্ধ পাঠ করেন হূদরোগ বিশেষজ্ঞ ডা. এম এ বাকী। বক্তৃতায় যাদের হার্টের রক্তনলীতে ব্লক আছে কিন্তু রক্তনালীর গঠন বৈশিষ্ট্যের কারণে রিং বসানো বা বাইপাস সার্জারি করা যাচ্ছে না এমন রোগীদের বিষয়ে এ চিকিত্সার কথা বলা হয়। এছাড়া যারা ইতিমধ্যেই বাইপাস সার্জারি বা রিং বসিয়ে ফেলেছেন এবং পরবর্তীতে আবারও বুকের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্যও এই থেরাপি প্রয়োগের সুপারিশ করা হয়।