চট্টগ্রামে রেলওয়ের টেন্ডার জমাদানকে কেন্দ্র করে গত সোমবার ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে দু’জন নিহতের ঘটনায় গ্রেফতার হওয়া যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাবরের সঙ্গে গ্রেফতার হওয়া বাকি পাঁচজনের মধ্যে চারজনের তিনদিন করে রিমান্ড এবং একজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়া এসব আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, গত সোমবার নগরীর সিআরবিতে টেন্ডারবাজি নিয়ে সংঘর্ষ ও দুইজন নিহত হওয়ার ঘটনায় গ্রেফতারকৃত যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী বাবরসহ ছয়জনের সাতদিনের রিমান্ড চাওয়া হয়। শুনানিশেষে আদালত বাবরকে চারদিনের রিমান্ড এবং খোকন চন্দ্র তাঁতী, রিটু দাশ বাবলু, শাহ আলম এবং প্রেমাশীষ মুত্সুদ্দি ওরফে ছোটন বড়ুয়াকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাবরের সাথে গ্রেফতার হওয়া মাজহারুল ইসলাম শাকিলকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজিরের পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে গ্রেফতার হওয়া ছয়জনের মধ্যে শাকিল ছাড়া বাকি পাঁচজন মামলার এজাহারভুক্ত আসামি।
