নারায়ণগঞ্জে হেফাজতের সঙ্গে গত ৬ মে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় দুটি মামলায় বিএনপির ৯ জন নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে দলটি আগামী রবিবার সিদ্ধিরগঞ্জে আধাবেলা হরতালের ডাক দিয়েছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ওই দুটি মামলার শুনানী শেষে বিচারক জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জনের জামিন মঞ্জুর বহাল রেখে অপর ৯ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে রবিবার সিদ্ধিরগঞ্জে আধাবেলা হরতালের ডাক দেন।
তৈমুর বলেন, জামিন না মঞ্জুর করা নেতাদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা যুগ্ম আহবায়ক আলী আহাম্মদ লালা, সদস্য সচিব মামুন মাহমুদ, অখিল উদ্দিন ভুঁইয়া ও মনিরুল ইসলাম রবি প্রমুখ রয়েছেন। যেহেতু জামিন না মঞ্জুর করা নেতাদের বেশিরভাগই সিদ্ধিরগঞ্জ এলাকার সে কারণেই সিদ্ধিরগঞ্জে আধাবেলা হরতাল আহবান করা হয়েছে। তবে সরকার যদি এর বেশি বাড়াবাড়ি করে তাহলে প্রয়োজনে সারা নারায়ণগঞ্জে হরতাল দেওয়া হবে।
এদিকে সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র ৯ নেতার জামিন বাতিলের প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় মহাসড়কের মৌচাক এলাকায় এ অবরোধ করা হয়।
