অপহরণের দু’মাস পেরিয়ে গেলেও দক্ষিণ কেরানীগঞ্জের দুই তরুণ ব্যবসায়ী রাফিউল ইসলাম রাজা ও রনি চৌধুরীর কোনো খোঁজ মেলেনি। র্যাব-পুলিশের কাছে এ বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। নিখোঁজদের বিষয়ে কার্যত কোনো তত্পরতাও নেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গতকাল সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে নিখোঁজদের স্বজনরা এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজার মা লিপি আক্তার, খালা জোসনা বেগম, রনির মা আঞ্জুমান আরা বেগম ও বাবা মোজাম্মেল হোসেন চৌধুরী।
রাজার মা লিপি আক্তার বলেন, তার ছেলে রাফিউল ইসলাম রাজা দক্ষিণ কেরানীগঞ্জের একজন জেনারেটর ব্যবসায়ী। গত ২৫ এপ্রিল রাজা তার ভাতিজা রনি ও বন্ধু নিজ্জল, নাঈমকে লালবাগ কেল্লার সামনে থেকে কে বা কারা একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। তবে ঘটনার ২০ দিন পর নিজ্জল আহমেদ ও তারও ছয়দিন পর নাঈম আহমেদ ফিরে আসে। কিন্তু নিখোঁজের বিষয়ে তারা কোনো তথ্য দিচ্ছে না।
রনির মা আঞ্জুমান আরা বলেন, রাজাদের উঠিয়ে নেয়ার দু’দিন পর নাঈমের ফোন নম্বর থেকে ডেকে নিয়ে তার ছেলেকে অপহরণ করা হয়।
