দুই বছর বয়সেই মেধাবীদের ক্লাবে

আপডেট : ২৭ জুন ২০১৩, ২২:৫৬
বয়স দুই বছরের কিছুটা বেশি। হাটি হাটি পা পা অবস্থা তার। শারীরিক গঠনের দিক থেকে অনেকের থেকে পিছিয়ে থাকলেও মেধার দিক থেকে সবাইকে ছাড়িয়ে যুক্তরাজ্যে মেধাবীদের ক্লাবে নিজেকে স্থান করে নিয়েছে অ্যাদাম কারবি নামের এক বালক। বর্তমানে ক্লাবের সবচেয়ে কম বয়সী সদস্য সে। খবর এনডিটিভি’র। মেধাবীদের সংগঠন মেনসা ক্লাবের এক বুদ্ধিবৃত্তিক প্রশ্নের প্রতিযোগিতায় অ্যাদামের স্কোর দাঁড়িয়েছে ১৪১ যা অবিশ্বাস্য। এই স্কোর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের স্কোরকেও ছাড়িয়ে গেছে। বিস্ময়কর এই বালক শেক্সপিয়ারের বই পড়তে পারে এবং জাপান, স্পেন এবং ফ্রান্সের ভাষা বুঝতে পারে। সে একশত শব্দের বানান বলে নিজের পিতা-মাতাকে ডিন এবং কেরি অ্যানকেও স্থম্ভিত করে দেয়। দক্ষিণ লন্ডনের মিচসাম থেকে অ্যাদামের বাবা প্রযুক্তিবিদ ডিন (৩৩) বলেন, অ্যাদামের সাফল্য উল্লেখ করার মতো। তার বয়সের কেউ হয়তো হামাগুড়ি দিতে পারে অথবা দাঁড়াতে পারে। অথচ সে বই পড়াসহ অনেক কিছইু পারছে। তিনি জানান, বাসায় জলহস্তি এবং গন্ডারের ছবি দেখালে অ্যাদাম এই দুই জন্তুর পার্থক্য করতে পারতো। অ্যাদাম বর্তমানে মেনসা ক্লাবের সবচেয়ে কম বয়সী সদস্য। এর আগে এলিজ টান রবার্টস নামের একজন ছিল যার বর্তমান বয়স ছয় বছর। সে দু্ই বছর চার মাস বয়সে মেনসা ক্লাবের সদস্য হয়। ক্লাবের প্রধান নির্বাহী জন স্টিভেনেজ বলেন, আমরা আশা করছি সে আমাদের ক্লাবে যোগ দেবে এবং তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।