অপহরণের ৬ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুন ২০১৩, ২২:৫৬
পুলিশ ও র্যাবের কাছে অনুরোধ করেছিলেন, তার অপহূত স্বামীকে উদ্ধার করার। কিন্তু পুলিশ ও র্যাব তার অনুরোধ শোনেনি। অপহূত স্বামীকে উদ্ধারের কোন উদ্যোগই নেয়নি। উল্টো অপহরণের ৬ দিন পর তিনি তার স্বামীর অর্ধগলিত লাশ ‘উপহার’ পেলেন। অপহরণের ঘটনায় পরিবার থানায় জিডি করলেও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে রাজধানীর পল্লবীর লালমাটিয়ার আদর্শনগরে। গতকাল সকালে মিরপুর ১১ নম্বর সেকশনের মদিনাবাগের একটি ড্রেন থেকে অপহূত কুলু মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী মাকসুদা বেগম অভিযোগ করেন, তার স্বামী একজন মাছ ব্যবসায়ী। ২১ জুন সন্ধ্যা ৬টার দিকে তার স্বামী মিরপুর ১১/ই লালমাটিয়া ডুয়েট আদর্শনগরের ১৩ নম্বর লাইনের ৮ নম্বর বাড়ি থেকে বের হন। পাওনা টাকা আদায়ের জন্য গিয়েছিলেন মিরপুর ৬ নম্বর সেকশনের আজমল মেডিক্যাল সংলগ্ন এলাকায়। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরে তিনি পল্লবী থানায় একচি জিডি করেন। তিনি আরো অভিযোগ করেন যে, ঐ সময় ওসি বিষয়টি গুরুত্বই দেননি। পরে তিনি র্যাব-৪ এর কাছে টেলিফোন করে তার স্বামীর অপহরণের বিষয়টি জানান। র্যাবও বিষয়টিকে কোন গুরুত্ব দেয়নি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ইতিমধ্যে নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।