খলিলুর রহমান চৌধুরীর জানাজা অনুষ্ঠিত

আপডেট : ২৭ জুন ২০১৩, ২৩:০২
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরীর নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি ১৯৯১ সালে হবিগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির থেকে নির্বাচিত হয়েছিলেন। চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ, বিরোধী দলের ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হুইপ আ. স. ম ফিরোজ, সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের সচিব মো. মাহফুজুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ জানাজায় শরীক হন। জানাজা শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ ও বিরোধী দলের ভারপ্রাপ্ত চিফ হুইপ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিরোধী দলের নেতার পক্ষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।