ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার দুই নেতার সন্ধানের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে শিবির।
গতকাল রাজশাহীর উপকণ্ঠ হরিয়ানের মহেন্দ্রা মোড়ে আম বোঝাই ট্রাকে আগুন দেয়া হয়। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর রাবি ও সদর ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এর আগে সকালে হরতালের পিকেটিং ও বিক্ষোভ মিছিলের চেষ্টাকালে রাজশাহী কলেজের সামনে থেকে পুলিশ শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করে। এছাড়া আর কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে ভোর থেকে নগরীর বাইরে খড়খড়ি বাইপাস, বেলপুকুর ও কাঁটাখালিসহ কয়েকটি এলাকায় পিকেটিংয়ের চেষ্টা করে ছাত্রশিবির নেতাকর্মীরা। তবে র্যাব ও পুলিশের বাধার মুখে তা পন্ড হয়ে যায়। হরতালের কারণে সকাল থেকে কোনো দূরপাল্লার বাস কোচ চলেনি। তবে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছিল।
রাজশাহী মেট্রোপলিন পুলিশ (আরএমপি) কমিশনার এসএম মনির-উজ-জামান জানান, সকাল থেকে পুলিশের কঠোর অবস্থানের কারণে ছাত্রশিবির রাস্তায় ধবংসাত্মক কর্মকাণ্ড চালাতে পারেনি।
ছাত্রশিবিরের দাবি, ‘রাবি শাখা শিবিরের অর্থ সম্পাদক তাজাম্মুল আলী ও ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আজিজুর রহমানকে গত ২৪ জুন ঢাকার থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ তাদের গ্রেফতারের বিষয়টি স্বীকার করেনি।
