৬৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং ৩৯তম বিএমএ স্পেশাল কোর্সের ক্রাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নবীন অফিসারদের উদ্দেশে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া বলেন, তোমাদের ওপর আজ থেকে অর্পিত হতে যাচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মো. আতিকুজ্জামান ৬৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হন এবং ‘সোর্ড অব অনার’ লাভ করেন। অন্যদিকে সামরিক বিষয়ে অনন্য কৃতিত্বের জন্য সিনিয়র আন্ডার অফিসার গনেশ বাহাদুর অধিকারী ‘সেনাবাহিনী প্রধানের স্বর্ণপদক’ লাভ করেন। বিভিন্ন আন্তঃকোম্পানি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় ‘বীরশ্রেষ্ঠ হামিদ’ কোম্পানিকে সামার টার্মের জন্য ‘বিএমএ পতাকা’ প্রদান করা হয়।
এ কুচকাওয়াজের মাধ্যমে মোট ৮১ জন ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে, ০৭ জন ক্যাডেট ফিলিস্তিন সেনাবাহিনীতে এবং ০২ জন ক্যাডেট নেপালিজ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে ৬৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ৬৪ জন পুরুষ, ০৪ জন মহিলা এবং ৩৯তম বিএমএ স্পেশাল কোর্সে ১৩ জন পুরুষ ক্যাডেট রয়েছেন। -আইএসপিআর
