সরকার পতনে ঈদের পর নতুন কর্মসূচি

আপডেট : ২৭ জুন ২০১৩, ২৩:০৫
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার সিটি করপোরেশন নির্বাচনে তার দলীয় সমর্থিত প্রার্থীর বিজয়কে নীরব ভোট বিপ্লব উল্লেখ করে বলেছেন, জনগণ আগামী নির্বাচনে নীরব ভোট বিপ্লবের মাধ্যমে সরকারকে বিদায় জানাবে। গত ৫ মে শাপলা চত্বরে হেফাজতের আলেমদের গণহত্যার বিরুদ্ধে এই ভোট বিপ্লব হয়েছে। তিনি বলেন, সরকার জনগণকে ভয় পায়। সে কারণে সভা-সমাবেশ করতে দিচ্ছে না। তাই নির্দলীয় সরকারের দাবি আদায় এবং সরকার পতনের লক্ষ্যে ঈদের পর নতুন কর্মসূচি দেয়া হবে। বেগম জিয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জয় পেতে সরকার নানা কৌশল করছে এমন অভিযোগ করে সেখানে সেনা মোতায়েনের দাবি জানান। বুধবার গভীর রাতে সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান অফিসে সাক্ষাত্ করতে এলে তিনি একথা বলেন। খালেদা জিয়া বলেন, সদ্য অনুষ্ঠিত চার সিটি নির্বাচনের গেজেট প্রকাশ করতে নির্বাচন কমিশন বিলম্ব করেছে। নির্বাচিত মেয়ররা চাপ দেয়ায় তা প্রকাশ করা হয়েছে। এখন সরকারকে বলবো, ধানাই-পানাই বাদ দিয়ে তাদের শপথের ব্যবস্থা করুন। সাক্ষাত্ অনুষ্ঠানে সিলেটের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদির লুনা প্রমুখ।