দশ দফা দাবি

১ জুলাই থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি

আপডেট : ২৭ জুন ২০১৩, ২৩:০৭
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ১ জুলাই থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দিয়েছে। ৩০ জুনের মধ্যে বিভাগীয় আঞ্চলিক কমিটির দেয়া ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে ১ জুলাই থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু হবে। গতকাল বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামাল হোসেন রবি অভিযোগ করে বলেন, সরকারি আইন থাকা সত্ত্বেও সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করা হয়নি। উচ্চ আদালত ড্রাইভিং লাইসেন্স নবায়নের অনুমতি দিলেও বিআরটিএ নানা সমস্যা দেখিয়ে শ্রমিকদের হয়রানি করছে। বিভিন্ন সেতুতে ওভারলোড চেকিং এর নামে ট্রাক শ্রমিকদের হয়রানি, নির্যাতন ও চাঁদাবাজি করছে পুলিশ। এসময় সংগঠনের সভাপতি আব্দুল লতিফ, সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ মিঠুল প্রমুখ উপস্থিত ছিলেন।