প্রযুক্তির মাধ্যমে গোটা পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয়

আপডেট : ২৮ জুন ২০১৩, ১৮:০৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, প্রযুক্তির মাধ্যমে গোটা পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয় এসেছে। এটা বৈপ্লবিক পরিবর্তন যা মানুষ কোন দিন কল্পনাও করেনি। মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে আমাদের জীবন কত সহজ হয়েছে। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে হবে। এক সময় সারা দেশের মধ্যে শুধু ঢাকায় ২০০ ও চট্টগ্রামে ৪০টি মোবাইল ছিল। কিন্তু বর্তমান সরকার ৯৬ সালে ক্ষমতায় এসে ৪টি নতুন মোবাইল কোম্পানির লাইসেন্স প্রদান করে এই প্রযুক্তিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। যার ফলে বর্তমানে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটিতে। প্লান বাংলাদেশ দিনাজপুর ইউনিট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সমপ্রতি দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে শতভাগ অনলাইনে জন্ম নিবন্ধন অর্জন উত্সব’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জন্ম নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক আ ক ম সাইফুল হাসান চৌধুরী, প্লান বাংলাদেশ’র প্রোগ্রাম ইফেক্টিভনেস ম্যানেজার দেবাশীষ সাহা। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল মালেক, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে ১৩ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার ১০২টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবসহ অন্যান্য অতিথি এবং সুধী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর জেলায় জন্ম নিবন্ধনে শতভাগ সফলতা অর্জনকারী ১৩ ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যানের হাতে স্বর্ণপদক তুলে দেন। দিনাজপুর জেলায় প্রথম স্থান অর্জন করে সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মোঃ নূরুজ্জামান সরকার, দ্বিতীয় স্থান অর্জন করে বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান নূর আলম ও তৃতীয় স্থান অধিকারী বোচাগঞ্জ উপজেলার ৩নং মুর্শিদহাট ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান। অনুষ্ঠানে মন্ত্রী জানান, দেশে ১২টি জেলা জন্ম নিবন্ধনে শতভাগ সফলতা অর্জন করেছে। এর মধ্যে দিনাজপুর জেলার স্থান অষ্টম।