পানি ও স্যানিটেশন খাতে চাহিদার চেয়ে বরাদ্দ কম

আপডেট : ২৮ জুন ২০১৩, ১৮:২৬
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পানি ও স্যানিটেশন খাতে জনপ্রতি ২৮২ টাকা বরাদ্দের কথা থাকলেও বরাদ্দ হচ্ছে মাত্র ৩৬ টাকা। অথচ এ খাতে জনপ্রতি চাহিদা রয়েছে ৮১ টাকা। এ ক্ষেত্রে স্থানীয় চাহিদার ভিত্তিতে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন, অংশগ্রহণ ও মনিটরিংকে গুরুত্ব দিতে হবে বলে ইউনিয়ন পর্যায়ের প্রাক-বাজেট আলোচনায় উঠে এসেছে। প্রাক-বাজেট আলোচনা থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, সরকার পানি, স্যানিটেশন খাতে ইউনিয়ন পর্যায়ে যে টাকা বাজেট বরাদ্দ করছে তৃণমূল পর্যায়ে তার থেকেও চাহিদা বেশি। বাজেটকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে বাজেটপূর্ব বিভিন্ন শ্রেণি-পেশার সাথে অল্প-বিস্তর আলোচনা হলেও গ্রামীণ জনপদের উন্নয়ন কেন্দ্রভিত্তিক প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের বাজেট নিয়ে আলোচনার চর্চা তেমন হয় না। অথচ দেশের ৪৪৯৮টি ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের মাধ্যমে চাহিদা গ্রহণ এপ্রিল থেকে মে মাসের মধ্যে করার কথা সরকারিভাবে ঘোষণাকৃত। সম্প্রতি দেশের ৬টি উপজেলার ৬টি ইউনিয়নে পানি ও স্যানিটেশন খাত নিয়ে এ প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র-ডর্প এ প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। প্রাক-বাজেট আলোচনায় স্থানীয়দের আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য পানি, স্যানিটেশন ও পয়ঃপরিচ্ছন্নতার জন্য লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নে জন্য ৩৬ লাখ ৩২ হাজার, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জন্য ২৭ লাখ ৯১হাজার, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে ৩৮ লাখ ৩৬ হাজার, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে ২১ লাখ, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে ২০ লাখ ৮৯ হাজার ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নে ২২ লাখ টাকার চাহিদা রয়েছে।