নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালা গতকাল রবিবার নরসিংদী সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনডিপির অর্থায়নে, ব্র্যাকের সহযোগিতায় ও স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মত্ সুরাইয়া বেগমের সভাপতিত্বে কর্মশালায় সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সমাজ সেবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ সর্বস্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আরো সচেতনতা হবার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে মাহমুদা খানম, জেলা তথ্য অফিসার সানজিদা আমিন, ইউএনডিপির কনসালট্যান্ট মীর্জা নাজমুল হুদা, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক বর্মানন্দ দাস, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আশীষ পাল, জেলা ব্যবস্থাপক সামসুন্নাহার, জেলা ব্যবস্থাপক সামসুন্নাহার, ফিল্ড কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম, চরসুবুদ্দি ইউপি চেয়ারম্যান হাজী মোমেন, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ প্রমুখ। এর আগে ব্র্যাকের কর্মসূচি সমন্বয়কারী রীতা রোজলীন কস্তা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে মাহমুদা খানমকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ অবদানের জন্য ইউএনডিপির পক্ষ থেকে একটি কম্পিউটার উপহার দেন জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম।
