দুই চরিত্রের মিলনে রেজানুর রহমান

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:২৫
ইমদাদুল হক মিলনের অনন্য সৃষ্টি ‘নূরজাহান’কে নিয়ে ধারাবাহিক প্রচার হচ্ছে বেশ কিছুদিন। সেই অনন্য চরিত্রকে নিয়েই একটু ভিন্ন খাতে, ভিন্নভাবে উপস্থাপন করেছেন আরেক নন্দিত নাট্যকার ও নির্মাতা রেজানুর রহমান। ‘নূরজাহান’ একজন নারী। কিশোরী এই মেয়েটির জীবনেও ঘটে অনেক লোমহর্ষক ঘটনা। বিশেষ করে মৌলবাদ ও ফতোয়াবাজদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী এই মেয়েটির জীবন শেষ পর্যন্ত কষ্টেরই থেকে যায়। এর সাথে ‘রোশনী’র দেখা হয়। দুটি চরিত্রকে পৃথকভাবে চ্যানেল আইয়ের পর্দায় দেখেছে দেশ-বিদেশে কোটি কোটি দর্শক। এবার এখানেই নতুন কিছু চমক দেখাতেই কালজয়ী চরিত্র ‘নুরজাহান’-এর সাথে গতানুগতিক হিন্দি সিরিয়ালধর্মী চরিত্র ‘রোশনী’র অন্য এক কেমিস্ট্রি দেখিয়েছেন নির্মাতা। এই নাটকে এবারে ‘রোশনী’ এবং ‘নূরজাহান’-এর মুখোমুখি দেখা হয়েছে। ‘আমাদের রোশনী আমাদের নূরজাহান’ শীর্ষক রেজানুর রহমানের এই বিশেষ টেলিফিল্মে মৌসুমী হামিদ, পূনম হাসান জুঁই ছাড়াও শহীদুল আলম সাচ্চু, মাহবুবা রেজানুর, আবীর খান প্রমুখ অভিনয় করেছেন। এই ভিন্ন ধারনার নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘মূলত দুটি চরিত্রের এক অনন্য মিলন দেখাতেই এটি তৈরি করা। এখানে দর্শকদের কখনো মনে হবে না আলাদা কোনো নাটক দেখছে। তাদের দুটি নাটকই একসাথে এক ফ্রেমে দেখছেন এটাই দৃশ্যত হবে। ক্যামেরায় রয়েছেন রাজিব। ৩ জুলাই বেলা ৩টায় চ্যানেল আইতে টেলিফিল্মটি প্রচার হবে।