বাংলাদেশি আইডলের প্রচার শুরু

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:২৫
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পর্দায় উঠছে কণ্ঠশিল্পী নির্বাচনে বিশ্বের শ্রেষ্ঠ ও সফলতম টিভি রিয়েলিটি শো ‘আইডল’-এর বাংলাদেশি সংস্করণ ‘বাংলাদেশি আইডল’। গতকাল শুক্রবার থেকে এর প্রচার শুরু হয়েছে। এটি প্রতি শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে এসএ টিভিতে সম্প্রচার হবে । এই রিয়েলিটি শো’র অন্যতম বিচারক গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু বলেন, ‘এই দেশের রিয়েলিটি শো’তে এ পর্যন্ত যা হয়নি, সেটাই দেখা যাবে। সংগীতে বাংলাদেশের আইডল খুঁজতে আমরা নিজেদের সর্বোচ্চ মেধা-শ্রম-আন্তরিকতা ব্যায় করছি। তাই অনুরোধ করছি এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য শুক্রবার সন্ধ্যাটাকে আপনারা ফ্রি রাখুন।’ আইয়ুব বাচ্চু ছাড়াও বাংলাদেশি আইডলের বিচারকদের তালিকায় রয়েছেন ষাটের দশকের অন্যতম গুণী সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, ৮০ দশক থেকে গানের জগতে বিচরণকারী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও পপ গানের মাধ্যমে শ্রোতাদের জ্যাজ, ফিউশনের সাথে পরিচয় করিয়ে দেয়া শিল্পী মেহরীন।