দুদক কর্মকর্তা পরিচয়ে সক্রিয় প্রতারক চক্র

আপডেট : ২৮ জুন ২০১৩, ২১:২৮
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নামে এবং কমিশনের কর্মকর্তা পরিচয়ে একটি চক্র মানুষকে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন দুদক সচিব মো.ফয়জুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে নিয়মিত মাসিক ব্রিফিংয়ে এ আহবান জানানো হয়। দুদক সচিব বলেন, কাল্পনিক অভিযোগ এনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে একাধিক প্রতারক চক্র দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ফোনে ও টেলিফোনের মাধ্যমে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করে আসছে। অনেক সময় এসব প্রতারক কমিশনের বিবেচনাধীন অভিযোগ থেকে অব্যাহতি প্রদানের আশ্বাস ও নানা প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে সরকারি ও বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, “অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কমিশনের অনুসন্ধানকারী ও তদন্তকারী কর্মকর্তাদের টেলিফোন বা মোবাইল ফোনে অনুসন্ধান ও তদন্ত বিষয়ে যোগাযোগ নিষিদ্ধ রয়েছে। এদিকে মাসিক ব্রিফিংয়ে সচিব গত মে মাসে দুদকের বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, গত মে মাসে দুদকে প্রাপ্ত অভিযোগের সংখ্যা-১০৫৯, যাচাই বাছাই করে কমিশন অনুসন্ধানের জন্য গৃহীত অভিযোগের সংখ্যা-১১৫, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে প্রেরিত অভিযোগের সংখ্যা-৩১। কমিশনের তফসিলভুক্ত না হওয়ায় এবং সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকায় অগৃহীত অভিযোগের সংখ্যা ছিল ৯১৩টি। এছাড়া মে মাসে ২৭টি মামলা দায়ের এবং ৪৮টি চার্জশিট দাখিল হয়েছে বলে তিনি জানান।