রাজধানীর রামপুরার রিয়াজবাগে বৃহস্পতিবার ভোর রাতে রহস্যজনক বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত কানিজ ফাতেমা কলির ছোট ভাই এবিএম মহিউদ্দিন মজুমদার শিবলী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন।
রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বিস্ফোরণে প্রচণ্ড শব্দ সৃষ্টি হওয়ার সুযোগ নেই। ঐ ঘরে গ্যাস জমা হওয়ার পর বিস্ফোরণের কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরো বলেন, ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান বৈদ্যুতিক ক্যাবল ব্যবহারে কোন অনিয়ম করলে দুর্ঘটনার সময় পুরো ভবনের বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যেতো। কিন্তু এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। তবে ফায়ার সার্ভিস বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করেছে। ফায়ার সার্ভিসের এই তদন্ত কমিটির রিপোর্ট পেলে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে। এদিকে শুক্রবার নিহত সিরাজ উল্লাহর গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ার মটুয়ায় নিহত ৩ জনের মরদেহ দাফন করা হয়েছে।
