ম্যান্ডেলার অবস্থা অপরিবর্তিত রাতভর প্রার্থনা

আপডেট : ২৮ জুন ২০১৩, ২২:৩৬
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তার অবস্থা সংকটজনক। তার জন্য বৃহস্পতিবার সারা রাত প্রার্থনা করেছে দক্ষিণ আফ্রিকাবাসী। তার সুস্থতা কামনায় প্রিটোরিয়ার হাসপাতালের বাইরে শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন। ম্যান্ডেলাকে নিয়ে উদ্বিগ্ন সবাই সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণার অপেক্ষা করছেন। এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া ওবামা নেলসন ম্যান্ডেলাকে হাসপাতালে দেখতে যাবেন না। খবর বিবিসি, রয়টার্স এবং দ্য নিউইয়র্ক টাইমসের। বারাক ওবামা গতকাল দক্ষিণ আফ্রিকা পৌঁছান। বিমানে তিনি সাংবাদিকদের বলেন, আমি কেবল ফটো সেশনের জন্য ম্যান্ডেলাকে দেখতে হাসপাতালে যাবো না। বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখার পর দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছিলেন, ম্যান্ডেলার অবস্থা আগের চেয়ে ভাল। তিনি তার মোজাম্বিক সফরও বাতিল করেন। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। গতকাল মন্ত্রী, রাজনীতিবিদরা ম্যান্ডেলাকে দেখতে হাসপাতালে যান। হাসপাতালের বাইরে অবস্থান করা ম্যান্ডেলার স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সারা রাত হাসপাতালের বাইরে এবং ম্যান্ডেলার সোয়েতোর বাড়ির সামনে প্রার্থনা করেছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রিয় নেতার জন্য টানা প্রার্থনা চালিয়ে যান তারা। এ সময় ম্যান্ডেলার জন্য প্রার্থনামূলক গানও গেয়েছেন তারা। হাসপাতালে তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সমর্থকরা জড়ো হয়েছে। কর্মকর্তারা বলছেন, ম্যান্ডেলার অবস্থা অপরিবর্তিত। তবে মানুষের মধ্যে ম্যান্ডেলার অবস্থা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ছে। আফ্রিকা সফররত ওবামা বলেছেন, আমার এবং আমার স্ত্রী ও সন্তানদের জন্য সুযোগ হয়েছিল প্রিয় ম্যান্ডেলার সঙ্গে দেখা করার। কিন্তু এখন আমরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। তার পরিবারও উদ্বিগ্ন। আমি তার এবং তার পরিবারের মঙ্গল কামনা করি। তিনি বলেন, এ কথা হয়তো সরাসরি ম্যান্ডেলার কাছে প্রকাশ করা যাবে না। তবে তার পরিবারকে বলছি, ম্যান্ডেলার নেতৃত্বের জন্য আমেরিকার জনগণ কৃতজ্ঞ। আমাদের প্রার্থনা তার পরিবার এবং সমগ্র দক্ষিণ আফ্রিকাবাসীর জন্য থাকবে। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হওয়ার পর থেকে গত ৮ জুন থেকে দুই সপ্তাহ ধরে ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।