আজ শনিবারের মধ্যে কেন্দ্রীয় সভাপতির মুক্তি এবং নিখোঁজ নেতাদের সন্ধান দেয়াসহ বিভিন্ন দাবি না মানলে কাল রবিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল দেবে ইসলামী ছাত্রশিবির। একই দাবিতে আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা। গতকাল শুক্রবার শিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, সংগঠনের সভাপতি মো. দেলাওয়ার হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দাবি, কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগের হাতে শিবির কর্মী আব্দুল আজিজের মৃত্যু ও শিবির নেতা তাজাম্মুল আলী, আজিজুর রহমান, আব্দুস সালাম ও নুরুল আমিনকে গ্রেফতারের পর আদালতে হাজির না করার প্রতিবাদ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ‘অপহূত’ রাজশাহী মহানগরীর আনোয়ারুল ইসলাম মাসুম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস ও ঢাকা মহানগরী পশ্চিমের হাফেজ জাকির হোসেনের সন্ধানের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। আমরা আশা করবো, আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচিতে সহায়তা করবে এবং সরকারও আমাদের দাবিগুলো মেনে নেবে। অন্যথায় রবিবার যে হরতাল হবে তা সরকার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।
