সিলেটে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করায় সাভারের মতো ঘটনা ঘটতে পারে

আপডেট : ২৮ জুন ২০১৩, ২২:৩৯
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেছেন, প্রতিনিয়তই যেভাবে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ হচ্ছে- সেই তুলনায় সিলেটে ভূমিকমেপর উপর গণসচেতনতা বেশি হয়নি। সরকারি-বেসরকারি উদ্যোগে এখনই জনসচেতনতা তৈরি করা না গেলে খুব তাড়াতাড়ি এ অঞ্চলে সাভারের মত আরেকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। বৃহসপতিবার রাতে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) সিলেট সেন্টারের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সিলেটে বিল্ডিং কোড মেনে অনেকেই ভবন নির্মাণ করছেন না। আবার অনেকে ফাউন্ডেশনের চেয়ে বিল্ডিং-এর স্ট্রাকচারে বেশি গুরুত্ব দেন। প্রকৌশলী সোয়াইব আহমেদ মতিন-এর সঞ্চালনা ও আইইবি সিলেট সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোস্তফা শাহরিয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং টিপস’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টারের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমদ। বক্তব্য রাখেন, আইইবির সেক্রেটারি প্রকৌশলী জয়নাল আবেদীন চৌধুরী, আইইবির ভাইস চেয়ারম্যান হারুনুর রশীদ মোল্লা, ডা. নিয়াজ আহমদ চৌধুরী, জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদ, প্রকৌশলী ইকরামুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের ১ম পর্বে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর পক্ষ থেকে সিলেটের কৃতী সন্তান খ্যাতিমান প্রকৌশলী ইমাম উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।