প্রবাসীরা দেশের সর্বোচ্চ নাগরিক সুবিধা ভোটাধিকার থেকে বঞ্চিত। কাগজে-কলমে তাদের ভোটাধিকারের বিষয়টি স্বীকার করে নেয়া হলেও তার প্রয়োগ এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। প্রবাসীদের প্রাণের দাবি ভোটাধিকারের ব্যাপারে কোন উদ্যোগ না নেয়ায় প্রবাসীদের মাঝে হতাশা বিরাজ করছে। প্রতিবারই তাদের আশায় গুড়ে বালি দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রবাসীদের প্রত্যাশা যে তিমিরে ছিল সে তিমিরেই থেকে যায়।
১৯৯৮ সালে এক প্রবাসীর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সংবিধান স্বীকৃত বলে ঘোষণা দিলেও গত ১৫ বছরে এ রায় বাস্তবায়নের কোন পদক্ষেপ গ্রহণ করেনি কোন সরকার। এমতাবস্থায় প্রায় ৬৭ লক্ষাধিক প্রবাসী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবেন।
