পটুয়াখালী-বরিশাল সড়কে সরাসরি বাস চলাচল গতকাল শুক্রবার থেকে বন্ধ রয়েছে। পটুয়াখালী মালিক সমিতির গাড়ি লেবুখালী নদীর দক্ষিণ পাড় ফেরিঘাট পর্যন্ত এবং বরিশাল মালিক সমিতির গাড়ি নদীর উত্তর পাড়ে নিজ নিজ সীমানা এলাকা পর্যন্ত যাতায়াত করছে। দুই জেলা বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে ঐ রুটে চলাচলকারী যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। এ ঘটনার জন্য দুই মালিক সমিতি পরস্পরকে দায়ী করছে।
পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলু মৃধা জানান, অতিরিক্ত চাঁদা দিতে অস্বীকার করায় গতকাল বরিশাল থেকে পটুয়াখালী মালিক সমিতির বাসের ট্রিপ বন্ধ করে দেয়া হয়।
বরিশাল বাস মালিক সমিতির লোকজন দাবী করে, পটুয়াখালী মালিক সমিতির একটি বাস নির্ধারিত সময় অতিক্রান্ত করে অনিয়ম করলে সেটির ট্রিপ সাসপেন্ড করা হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে দুই জেলার সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পটুয়াখালী-বরিশাল-বরগুনা সড়কে দুই মালিক সমিতির সমন্বয়ের মাধ্যমে প্রতিদিন শতাধিক বাস চলাচল করে আসছে। গতকাল সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটের যাত্রীদের লেবুখালী নদী পাড় হয়ে যাতায়াত করতে হচ্ছে।
