চট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনীতে মাঝির মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০১৩, ২২:৪১
চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন পশ্চিম পটিয়ার চরপাথঘাটার ইছানগর কবরস্থান এলাকায় গণপিটুনিতে জাফর আহমদ (৪০) নামে এক মাঝির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। চোর সন্দেহে শুক্রবার ভোর ৪টার দিকে গাছের সাথে বেঁধে তাকে ব্যাপক পিটুনি দেয় স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকাল ৯টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে। চমেক হাসপাতালে ময়না তদন্ত শেষে আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়। জানা গেছে, কর্ণফুলি থানাধীন মেরিন একাডেমিতে শুক্রবার রাত ৩টার দিকে কয়েকজন চোর প্রবেশ করে। ছাত্ররা বিষয়টি আঁচ করতে পেরে চোরদের পিছু ধাওয়া করে। ভোর ৪টার দিকে ইছানগর কবরস্থান এলাকায় গিয়ে তারা নৌকার মাঝি জাফর আহমদকে ধরে ফেলে। পরে তাকে গাছের সাথে বেঁধে বেদম গণপিটুনি দেয়া হয়। এক পর্যায়ে সে মারা যায়।