বগুড়ায় বেসরকারি পলিটেকনিকের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বগুড়া সদর থানা পুলিশ একটি বহুতল ভবনের ছাদ থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত হারুন (২২) গাইবান্ধা জেলার সাঘাটা থানার কামারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে বগুড়া শহরের কলোনী এলাকায় আইআইটিবি নামের একটি বেসরকারি পলিটেকনিক-এ টেক্সটাইল বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিল।
পুলিশ জানায়, শহরের কলোনী এলাকায় জামিল মাদ্রাসা সংলগ্ন একটি ৬ তলা ভবনের ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই ভবনের ৩য় তলায় থাকতেন হারুন। গত বুধবার থেকে তিনি নিখোঁজ হন। সদর থানার এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
