টিটিসি কেন্দ্রে ব্যালট পেপারে আজ ভোট গ্রহণ

আপডেট : ২৮ জুন ২০১৩, ২২:৪১
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ৮নং ওয়ার্ডের একটি কেন্দ্রে সাধারণ কাউন্সিলর পদে আজ শনিবার পুনরায় ভোট গ্রহণ হবে। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) কেন্দ্রের ১নং বুথের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নষ্ট হয়ে যাওয়ায় ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের ফলাফল স্থগিত রাখা হয়েছিল। সহকারী রিটার্নি অফিসার সাইফুল ইসলাম জানান, আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ৮নং ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে গণনার সময় ১ নং বুথের ইভিএম মেশিন নষ্ট হওয়ায় ওই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর নাম ঘোষণা করা যায়নি। রিটার্নিং অফিসার সুভাস চন্দ্র সরকার জানান, ভোট গ্রহণ শেষে নির্বাচিত কাউন্সিলরের নাম ঘোষণা করা হবে।