হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান সরকার ও সরকারের কতিপয় মন্ত্রী-এমপি হেফাজতে ইসলাম নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করে চলেছেন। গতকাল শুক্রবার রাজধানীতে বাদ জুমা ঢাকায় মহানগর আহবায়ক মাওলানা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে এক সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
তারা বলেন, গত বুধবার জাতীয় সংসদে সরকারদলীয় এমপি শেখ সেলিম ‘হেফাজতের অভিযানে একজনের মৃত্যু প্রমাণ করতে পারলে আর রাজনীতি করব না’ এবং কয়েকদিন আগে সংসদে প্রধানমন্ত্রী ‘৫ মে হেফাজতের উপর গুলিবর্ষণ করা হয়নি, তাদের কর্মীরা গায়ে রং মেখে শুয়ে ছিল’ বলে উলামা-মাশায়েখ ও তাওহিদী জনতার রক্তের প্রতি উপহাস করেছেন। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হেফাজত নেতৃবৃন্দ বলেন, সরকার চার সিটি নির্বাচনে হেফাজতের ভোট বিপ্লবে পরাজিত হয়ে আবোল-তাবোল বকছে। ৫ মে শাপলা চত্বরে ঘুমন্ত ও ইবাদতরত তাওহিদী জনতার উপর নৃশংস হামলার দৃশ্য যখন বিভিন্ন চ্যানেল প্রচার করছিল ঠিক তখনই দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করে দেয়া হয়। -বিজ্ঞপ্তি
