শেয়ারবাজার থেকে টাকা তুলে ঋণ পরিশোধে প্যারামাউন্ট টেক্সটাইলের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১৮ টাকা প্রিমিয়ামসহ ২৮ টাকা দরে ৩ কোটি শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ৮৪ কোটি টাকা তুলে মেয়াদি ঋণ পরিশোধ করবে। গত বৃহস্পতিবার বিএসসির ৪৮৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে দুটি কোম্পানি ও একটি ব্রোকারেজ হাউসকে জরিমানা করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, ৩০ জুন ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য ওটিসি (ওভার দ্য কাউন্টার) মার্কেটের রাসপিট ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য একই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয় বিএসইসি। একই কারণে ঢাকা ফিসারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যেক পরিচালককেও এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া ৩০ জুন ২০১১, ৩১ জানুয়ারি ২০১২ ও ২৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে একীভূত গ্রাহক হিসাবে পরিশোধযোগ্য গ্রাহকদের পর্যাপ্ত তহবিল প্রদানে ব্যর্থতার জন্য এবং স্টক এক্সচেঞ্জে দাখিলকৃত বর্ণিত সময়ে নেট ক্যাপিটাল ব্যালেন্সে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় সালতা ক্যাপিটালকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে স্টক এক্সচেঞ্জের পরিচালক নির্বাচনের জন্য বিএসইসি’র কাছ থেকে অনাপত্তি নেয়ার বাধ্যকতা প্রত্যাহার করা হয়েছে। কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
