গ্রামাঞ্চলে ব্যাংকিং সেবা বাড়াবে ইউসিবিএল

আপডেট : ২৯ জুন ২০১৩, ১৯:৪৭
ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ব্যাংকিং সেবা বাড়াবে বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। এ লক্ষ্যে চলতি বছর বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি পাওয়া সব শাখাই গ্রামে স্থাপন করা হবে। এছাড়া রেমিটেন্স, রফতানি ও কৃষি এ তিন খাতকে বরাবরের মত অগ্রাধিকার দেয়া হবে। গতকাল শনিবার ব্যাংকটির ৩০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ আলী। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম ও মির্জা মাহমুদ রফিকুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবু আব্দুল্লাহ, মো. তরিকুল ইসলাম ও মো. শওকত জামিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুহাম্মদ আলী বলেন, উন্নত সেবার মাধ্যমে বেসরকারি খাতে দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংকে পরিণত হয়েছে এ ব্যাংক। সর্বোত্তম সেবা এবং আধুনিক ও বৈচিত্র্যময় পণ্য নিয়ে আগামীতেও একইভাবে গ্রাহকের আস্থা অর্জনে কাজ করে যাবে বলে তিনি অঙ্গীকার করেন।