নভেম্বরে এ আর রহমানকে ঢাকায় আনার জোর প্রচেষ্টা

আপডেট : ২৯ জুন ২০১৩, ২০:১৭
শাহরুখ খানের কনসার্টের পর বাংলাদেশে হাই প্রোফাইল সেলিব্রেটির কনসার্ট হিসেবে এ আর রহমানের একটি লাইভ কনসার্টের খবর গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে। এ নিয়ে দেশের সবচেয়ে বড় ভেন্যুতে আন্তর্জাতিক সাউন্ড কোম্পানির সহায়তায় একটি নিখুঁত কনসার্ট হবে এমন খবর পাওয়া গেছে। এমনকি বাতাসে এমন খবরও শোনা গেছে যে এ আর রহমানের সাউন্ড ইঞ্জিনিয়ারের একটি টিম এদেশে এসে সরেজমিন দেখেও গেছে। মূলত লন্ডন-ভিত্তিক একটি ইভেন্ট কোম্পানির সহায়তায় এ আর রহমানের এদেশ সফরের বিষয়টি চূড়ান্ত করার ব্যাপারে প্রতিনিয়ত চেষ্টা করছেন ইভেন্ট আয়োজকরা। অন্তর শোবিজসহ বাংলাদেশের আরও দুইটি বড় ইভেন্ট কোম্পানি এ আর রহমানকে বাংলাদেশে আনার ব্যাপারে জোর চেষ্টা করছেন লন্ডনের ইভেন্ট কোম্পানির সহায়তায়। এ প্রসঙ্গে লন্ডনের এক ইভেন্ট অর্গানাইজার নাম প্রকাশে অনিচ্ছা শর্তে আমাদের জানান, ‘বিষয়টি নিয়ে এখন তাই আমরা আলোচনা করছি। তবে এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি।’ এদিকে তাদের দেওয়া তথ্যমতে সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে এ আর রহমানের কনসার্ট ঢাকায় গড়াবে বলে শোনা যায়। এদিকে এ বছর শীত মৌসুমে রাজনৈতিক মাঠ কতটা স্থিতিশীল থাকে তার ওপরেও অনেক কিছু নির্ভর করছে। এ তবে এটুকু স্পষ্ট যে, যেকোনো একটি শীর্ষ ইভেন্ট কোম্পানির আয়োজনে ঢাকায় সরাসরি বর্তমান সংগীতের জীবন্ত কিংবদন্তির কনসার্ট দেখার সুযোগ মিলছে খুব শিগগিরই। সব কিছু ব্যাটে বলে মিললেই হয়তো আয়োজকরা আনুষ্ঠানিক ঘোষণায় যাবেন।