পদ্মা সেতু দুর্নীতির কারণেই দক্ষিণাঞ্চলের মানুষ ভোট দেবে না আওয়ামী লীগকে

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:১৭
শুধু পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির কারণে উন্নয়ন ও যোগাযোগ বঞ্চিত দক্ষিণাঞ্চলের মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে না। আজ আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে শেখ হাসিনার সরকার। জনগণ এ প্রহসনের নির্বাচন করতে দেবে না। গতকাল শনিবার স্থানীয় হোটেল সি-ভিউ হল রুমে বরগুনা জেলা বিএনপি আয়োজিত সাধারণ সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিবে ততদিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দল আন্দোলন চালিয়ে যাবে। জেলা বিএনপি’র সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি এডভোকেট আবদুল মজিদ মল্লিক, ড. ফরহাদ হোসেন, লে.কর্নেল (অব.) আবদুল খালেক, পাথরঘাটা উপজেলা বিএনপি সভাপতি মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের প্রমুখ।