সম্প্রতি মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ৩২তম বিসিএস-এর শূন্যপদগুলো ৩৩তম বিসিএস-এর মেধা কোটা থেকে পূরণ করা হবে। এ কেমন অমানবিক সিদ্ধান্ত! যদি পদগুলো সংরক্ষণ করা নাই হয়, যদি মেধা কোটা থেকেই নিয়োগ দেয়া হয় তবে তা ৩২তম থেকে নয় কেন? পদ খালি থাকা সত্ত্বেও কেন আমরা নিয়োগ পাব না? আমরাও অন্যান্য বিসিএস-এর মতো সমস্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছি। সুতরাং ৩২তম বিসিএস-এর শূন্য পদগুলোর ন্যায়সঙ্গত দাবীদার কেবল ৩২তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীরাই। তাই এই অযৌক্তিক ও রূঢ় সিদ্ধান্তটি বাতিল করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, ৩২তম বিসিএস’র শূন্য পদগুলো ৩২তম থেকেই পূরণ করা হোক। দয়া করে আমাদের বঞ্চিত করবেন না। অসংখ্য অসহায় নারীর সহায় হয়ে তাদেরকে সম্মানজনক জীবন-যাপনের সুযোগ করে দিন। আমরা নিরূপায়, আমাদের সরকারি চাকরির বয়স শেষ।
কানিজ, সালমা, রহিমা, ফারজানা, মুক্তা, শম্পা ও সামিনা
৩২তম বিসিএস-এ লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী
