চালের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য মেহেরপুর, গাংনী ও মুজিবনগর উপজেলার হাট-বাজারে চালের সাথে রাসায়নিক সার মেশানো হচ্ছে। এতে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সবের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। অধিক অর্থ উপার্জনের লক্ষ্যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আড়তে ধানের সাথে ইউরিয়া সার মিশিয়ে চাল করে বাজারজাত করছে। আবার চালের সাথে আলাদাভাবে ইউরিয়া সার মিশ্রিত করেও বাজারে বিক্রি করা হচ্ছে। চাল করার আগে ইউরিয়া সারের পানিতে ধান ভিজিয়ে রাখা হয়। আবার কখনো কখনো সিদ্ধ ধান শুকিয়ে পরিমাণ মত ইউরিয়া সার মিশিয়ে সারা রাত খোলা আকাশের নিচে রেখে দেয়া হয়। এতে ইউরিয়া ধানের খোসা ভেদ করে সহজে চালের মধ্যে প্রবেশ করে। ধান ভাঙ্গানো হলে চাল স্বভাবতই ঝকঝকে দেখায়। যা ক্রেতাকে সহজে আকৃষ্ট করে।
