ঋণের টাকায় ভর্তি হয়েছে দেলোয়ার

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:৫৮
কোনরকম উপায় না পেয়ে অদম্য মেধাবী দেলোয়ার হোসেন প্রতিবেশীর কাছ থেকে ৭ হাজার টাকা ঋণ নিয়ে ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ভর্তি হয়েছে। নান্দাইলের খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে ভিটে মাটি সর্বস্ব দেলোয়ার অভাবের মাঝেও এবার দাখিল পরীক্ষায় নান্দাইল উপজেলার রাজাপুর ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা ইদ্রিস আলী শ্রম বিক্রি করে ছেলের লেখাপড়ার খরচ যুগিয়েছেন। দেলোয়ার হোসেন জানায়, মাদ্রাসা বন্ধ থাকলে বৃদ্ধ বাবার সাথে সেও শ্রম বিক্রি করতে যেত। মা রোমেনা বেগম গৃহস্থালির কাজ করেন। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সে সবার ছোট। বোনদের বিয়ে হয়ে গেছে। বড় ভাই জাকির হোসেন রায়হান অনার্স নিয়ে লেখাপড়া করছে। বাবার আয়ে তাদের সংসার চলে না। তার উপর দু’জনের লেখাপড়ার খরচ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেলোয়ার আরও জানায়, ঋণ করে তো ভর্তি হলাম, এখন ঋণের টাকা শোধ করবো কিভাবে তা ভেবে পাচ্ছি না। দেলোয়ারের বাবা ইদ্রিস আলী জানান, আমার ছেলের লেখাপড়ার খরচের নিশ্চয়তা পেলে মরেও শান্তি পেতাম।