কুমিল্লায় পূর্ণাঙ্গ হওয়ার আগেই ছাত্রলীগ কমিটি মেয়াদোত্তীর্ণ

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:৫৮
পূর্ণাঙ্গ হওয়ার আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি। ওই কমিটি গঠনের দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়নি কেন্দ্রীয় ছাত্রলীগ। দীর্ঘ এ সময়ে পূর্ণাঙ্গ না হলেও এ কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এ নিয়ে দলের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে হতাশার পাশাপাশি ক্ষোভও দানা বেধেছে। এতে কুমিল্লায় ছাত্রলীগের মাঠ পর্যায়ের কার্যক্রম সাংগঠনিকভাবে অনেকাংশে ঝিমিয়ে পড়েছে। ২০১১ সালের ২৭ জুন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যের একটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই সময় কেন্দ্র ঘোষিত জেলা ছাত্রলীগের ওই কমিটিতে বর্তমান রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি গ্রুপের কর্মীদের প্রাধান্য দেয়ার অভিযোগ ওঠে এবং এ নিয়ে মুজিবুল হক ও স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন সমর্থিতদের মধ্যে কুমিল্লা মহানগরীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। কমিটি গঠনের একমাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি করে অনুমোদনের কথা থাকলেও বিগত দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০১১ সালের জুলাই মাসের শেষ সপ্তাহে কমিটি অনুমোদন দেয়ার কথা থাকলেও তা হয়নি। দীর্ঘদিন যাবত্ দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জড়িত থাকলেও দলের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে ভাটা পড়েছে। এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জানান, জুলাই মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ হচ্ছে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আ.ফ.ম আহসান উদ্দিন টুটুল জানান, জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তালিকা প্রেরণ করেছি।