রানা প্লাজা ধসের ঘটনায় আহতদের চিকিত্সার্থ বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ক্যারোলিনা চ্যাপ্টারের পক্ষ থেকে সমপ্রতি সাড়ে সাত হাজার মার্কিন ডলার অনুদান দেয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ড. সুফিয়া সিদ্দিকী মিতা নিজের দেড় হাজার ডলার এবং তাদের সংগঠনের পক্ষ থেকে আরও ৬ হাজার ডলার অনুদান সংগ্রহ করে ঢাকা মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল হামিদ টাবলুর কাছে হস্তান্তর করেন। শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত নয়জন শ্রমিকের মাঝে ৫ লাখ ৮০ হাজার টাকা এবং অপর ৫ জন ক্ষতিগ্রস্ত শ্রমিককে প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেয়া হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ পরিচালক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জাতীয় অধ্যাপক শায়েলা খাতুন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ইসমাইল খান, সহযোগী অধ্যাপক ড. কানিজ হাসিনা শিউলি এবং রানা প্লাজার স্বেচ্ছাসেবক লিজা উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি
