ইদিয়ান নিয়ে ঢাকায় ক্রিকেটার শহীদ আফ্রিদি

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:৫৯
হোটেলের লবিতে ঢুকতেই দেখা গেল সাজিয়ে রাখা অনেকগুলো পাকিস্তানি ক্রিকেট ব্যাট। সঙ্গে শহীদ আফ্রিদির অটোগ্রাফ দেয়া টি-শার্ট। শার্টের এক কোনায় দেখা গেছে উইকেট পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত তার সেই চিরায়ত স্টাইলের লোগো। এখানে ইদিয়ান নামের একটি বুটিক হাউস মেয়েদের পোশাক নিয়ে আয়োজন করলেও এর সঙ্গে ক্রিকেট খেলার সামগ্রীও জায়গা করে নিয়েছে। কারণ এই বুটিক হাউসের স্বত্বাধিকারী পাকিস্তানি অলরাউন্ডার শহীদ খান আফ্রিদি। ২০১১ সালে পাকিস্তানের করাচি শহরে দ্য ফ্যাশন ভ্যালি শ্লোগানে নিজস্ব বুটিক হাউস ইদিয়ান-এর যাত্রা শুরু। যুক্তরাষ্ট্র, কানাডা, কুয়েত, কাতারের পর এবার ঢাকার বনানীতে ইদিয়ান-এর শোরুম উদ্বোধন করলেন এক দিনের ক্রিকেটে স্বল্প সময়ে সেঞ্চুরির অধিকারী এই ক্রিকেটার। শুক্রবার রাতে নগরীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন শোর মাধ্যমে উপস্থাপন করা হয় ইদিয়ানার হরেক রকমের পোশাক। এসময় সুরের মূর্ছনায় রাজকীয় পোশাকে আবৃত হয়ে র্যাম্পে হাজির হন বাংলাদেশি মডেলরা। সব শেষে শহীদ আফ্রিদি আসেন স্টেজে। তিনি জানান, পারিবারিক বন্ধু শহীদ ইসলাম এবং তার স্ত্রীর উদ্যোগেই বনানীতে শুরু করেছেন এই ব্যবসায়। শহীদ আফ্রিদি বলেন, বাংলাদেশের মানুষের ভালবাসা তার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এদেশের মানুষের ভালবাসায় সিক্ত হয়েই নতুন ধরনের পোশাক তুলে ধরার প্রয়াসে চালু করা হয়েছে এই ফ্যাশন বুটিক। বিভিন্ন সময়ে এদেশে খেলতে এসেছি আমি। এবার এসেছি পোশাক নিয়ে। পাকিস্তানের প্রান্তিক অঞ্চলের ঐতিহ্যবাহী ডিজাইনের সাথে আধুনিকতার ছোঁয়ায় তৈরি ইদিয়ানের পোশাক বাঙালিদের ভাল লাগবে বলেই তার বিশ্বাস।