অবশেষে দেলদুয়ারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। ৫০ শয্যায় উন্নীত হচ্ছে দেলদুয়ার হাসপাতাল। ইতিমধ্যে হাসপাতালের বর্ধিত নতুন ভবন ও স্টাফদের থাকার ভবন নির্মাণের কাজ চলছে। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের নতুন ভবন ও স্টাফদের থাকার জন্য ৫ তলা ভবন তৈরি হচ্ছে।
হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলে অনেক নতুন বিভাগ চালু হবে, ডাক্তারদের সংখ্যাও বাড়বে, আধুনিক যন্ত্রপাতি দিয়ে হাসপাতালটি সাজানো হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বর্তমানে হাসপাতালটিতে নামমাত্র অপারেশন থিয়েটার থাকলেও প্রয়োজনীয় সরঞ্জাম ও সার্জন না থাকায় কোন ধরনের অপারেশন তথা সুচিকিত্সা পাওয়া যায় না। রোগীদের অন্যত্র পাঠিয়ে দেয়া হয়। প্রয়োজনীয় বিভাগসহ পর্যাপ্ত চিকিত্সক থাকলে দেলদুয়ারে সাধারণ জনগণকে চিকিত্সার জন্য টাঙ্গাইল বা অন্যত্র যেতে হবে না। উল্লেখ্য, যে, ১৯৮৫ সালে দেলদুয়ার উপজেলা চালু হওয়ার পর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ডাক্তার, ওষুধ সংকট, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব ও ডাক্তারদের নিয়মিত কর্মস্থলে না থাকাসহ বিভিন্ন কারণে চিকিত্সা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় আড়াই লাখ জনগোষ্ঠীর চিকিত্সার একমাত্র ভরসা এই হাসপাতাল। ফলে দেলদুয়ারবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ৩১ শয্যার এই হাসপাতালটি যেন ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন জানান, হাসপাতালটির নির্মাণ কাজ সম্পন্ন হলে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম টাঙ্গাইল সিভিল সার্জন অফিস কর্তৃক প্রদান করা হবে।
