বালাসী ঘাটে ফেরী চালু হবে তিন মাসের মধ্যে

আপডেট : ২৯ জুন ২০১৩, ২২:০১
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, উত্তরাঞ্চলের ৮ জেলার মানুষের যোগাযোগের সুবিধা বাড়ানোর জন্য গাইবান্ধা থেকে জামালপুর পর্যন্ত ফেরী যোগাযোগ স্থাপন করা ছিল জাতির জনকের স্বপ্ন ছিল। জাতির জনকের সেই স্বপ্নের আলোকে প্রধানমন্ত্রীর নির্দেশে এ অঞ্চলের মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করার লক্ষ্যে আজকের এই বালাসী ও বাহাদুরাবাদঘাট পরিদর্শন। আগামী ৩ মাসের মধ্যে বিআইডব্লিউটিএ’র আওতায় ফেরী সার্ভিস চালু হবে। এ সময়ের মধ্যে বালাসী বাহাদুরাবাদ ঘাটে ফেরী সরবরাহ, নদী ড্রেজিং করা, পাশাপাশি যানবাহন চলাচলের জন্য রাস্তাগুলো বড় করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী খননের জন্য ১১ হাজার ৪শ’ ৭৫ কোটি টাকার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। ইতিমধ্যেই নদী খননের জন্য ৮টি ড্রেজার ক্রয় করা হয়েছে, আরো ৫টি ড্রেজার ক্রয়ের প্রক্রিয়া চলছে। নৌপথকে সচল করতে আরো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বালাসীঘাট পরিদর্শনে এসে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। নিজাম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বী মিয়া, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. শামসুজ্জোহা খন্দকার, বাংলাদেশ সড়ক ফেডারেশন সমিতির সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শামছুল আলম হিরু, গাইবান্ধা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।